খলনায়ক আশরাফুল হক ডন।

  • প্রকাশ : সোমবার ১০ আগস্ট, ২০২৬, সময় : ১২:৪৫ এএম

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


রোববার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।




এর আগে রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।


 বিমানবন্দর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ডন


ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।


রোববার বিকেল ৫টা ৫ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আশরাফুল হক ডনকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট। কাঠগড়ায় তোলার পর পুলিশ সদস্যরা তার জ্যাকেট ও হেলমেট খুলে দেন।


এরপর বিকেল ৫টা ১০ মিনিটে বিচারক এজলাসে আসেন। তিনি আসামিপক্ষে কোনো আইনজীবী আছেন কি না জানতে চান। এ সময় আদালতকে জানানো হয়, ডনের পক্ষে কোনো আইনজীবী নেই।



রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সিআইডি গ্রেপ্তার করে। মামলাটি খুবই জনপ্রিয় নন্দিত নায়ক সালমান শাহ হত্যার। যিনি সবার কাছে এখনো জনপ্রিয়। মামলাটিতে ডন এজাহারনামীয় চার নম্বর আসামি। এ মামলায় আমাদের নিবেদন তাকে তদন্তের স্বার্থে কারাগারে পাঠানো হোক।


শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সালমান শাহ হত্যা মামলায় ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। রোববার ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়।


সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছর মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।


 রাজসাক্ষী রিজভীর মন্তব্যে ক্ষুব্ধ শাবনূর




সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫২ এএম

জুলাই হত্যা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত স্বজনদের সান্ত্বনা দিতে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে। এক নারী স্বজনকে তিনি বলেন, ‘কোনো চিন্তা করিস না। কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’ পরে এক তরুণকে কাছে ডেকে ‘স্ট্রং হও’ বলে সাহস দেন। ওই তরুণকে তখন কাঁদতে দেখা যায়।


রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ ঘটনা ঘটে। এদিন বিকেল ৪টা ২০ মিনিটের দিকে জুলাই আন্দোলনের সময় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে এজলাসে তোলা হয়। আদালতে এসময় তার কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক আদেশ লেখার সময় কাঠগড়ার সামনে থেকে পেছনে গিয়ে বেঞ্চে বসা এক নারী ও এক তরুণের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। স্বজনদের খোঁজ-খবরও নেন তিনি। পুরো সময় তাকে বেশ স্বাভাবিক দেখা যায়।


সাঈদ খোকনের সঙ্গে কী সম্পর্ক জানতে চাইলে ওই তরুণ নিজেকে তার আত্মীয় বলে পরিচয় দেন।


শুনানিতে সাঈদ খোকনের আইনজীবী শেখ মোহাম্মদ জানে আলম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তার যুক্তি, গ্রেফতারের পর দুই দফায় ১২ দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। এ পর্যায়ে আবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।


আইনজীবী আদালতকে বলেন, সাঈদ খোকন অসুস্থ। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এ অবস্থায় তাকে আরও রিমান্ডে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে।


মামলার স্থান নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। তিনি বলেন, সাঈদ খোকন ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। সূত্রাপুর, গেন্ডারিয়া ও কোতোয়ালি ওই আসনের অন্তর্ভুক্ত। আশপাশের বংশাল ও লালবাগ থানাসহ সংশ্লিষ্ট এলাকায় তার বিরুদ্ধে মামলা না থাকলেও ধানমন্ডি থানায় করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। আইনজীবীর ভাষায়, ‘জজ মিয়া নাটক সাজানো হচ্ছে।’ তিনি তার মক্কেলের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান।


অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে। 


রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক দাবি করেন, আগের জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কেও তিনি বেশির ভাগ ক্ষেত্রে নীরব ছিলেন।


পুলিশের অভিযোগ, জুলাই আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা ছিল সাঈদ খোকনের। তার নির্দেশনা ও পরিকল্পনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। সরকার পতনের পরও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হয়েছে বলে দাবি করেছে পুলিশ।


এসব অভিযোগের বিষয়ে তার দেওয়া তথ্য যাচাই, পলাতক আসামিদের গ্রেফতার এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে সাঈদ খোকনও রয়েছেন।


গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়।

সর্বশেষ সব খবর

হাইকোর্ট

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০০ এএম

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।


বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির এ রিট দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এখনো শরীরে গুলি বহন করা হেলথ কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদে রিটটি করা হয়েছে।


রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়।


আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় সংসদে আইন পাস অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করা, এর সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা প্রয়োজন বলে রিটে উল্লেখ করা হয়েছে।


এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে আবেদনে দাবি করা হয়।



রিটে আরও অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলায় জড়িত। এসব ঘটনার মধ্যে রয়েছে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও অগ্নিসংযোগ এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা। ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগও তুলে ধরা হয়েছে।


এছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও আবেদনে উল্লেখ করা হয়েছে।


রিটে বলা হয়, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের কেউ কেউ গোপনে সীমান্ত অতিক্রম করে দেশে এসে বৈঠক করছেন বলেও আবেদনে দাবি করা হয়।


রিটে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানো, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়ার এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে। পেনাল কোডের বিভিন্ন ধারা ও সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসির প্রতি।


একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করা এবং সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।


আবেদনে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। এই কমিটির তদন্তের আওতায় ১৯৭২-১৯৭৫ সালে রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও ‘আয়নাঘর’, শ্বেতপত্রে উল্লেখিত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার এবং সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানোর অভিযোগ রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়ও তদন্তের আওতায় আনার প্রস্তাব রয়েছে। ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।


দেশ-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানি শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।


এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে দলটির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী আওয়ামী লীগকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।


পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আলোকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৯ পিএম

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার ও গুলশান থানার ওসিসহ আট কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।


২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরত দেওয়ার নির্দেশ বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রিট আবেদনকারী।


নোটিশে বিশেষভাবে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।


আইনি নোটিশ অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয়। গত ২৯ অক্টোবরের একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করেন গাড়ির মালিক। রিটের নম্বর ১৬৮৯৯/২০২৬।


গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা নিয়ে আদালতের আটকাদেশ না থাকলে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।


নোটিশে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রিট আবেদনকারী।


গাড়িটি কোন আদালতের আদেশে, কোন মামলার পরিপ্রেক্ষিতে এবং আইনের কোন ধারা বা বিধির আওতায় আটক রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে সেই মামলার বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।


পাশাপাশি সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপি দিতে বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।


এ ছাড়া গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, জিডি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে।


নোটিশে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী গাড়ি ফেরত না দেওয়ার পক্ষে আইনসংগত কারণ দেখাতে ব্যর্থ হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।

সর্বশেষ সব খবর

হাইকোর্ট

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৭ পিএম

হাইকোর্ট বিভাগের ১১টি ক্রিমিনাল মোশন বেঞ্চে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক দিনে ২ হাজার ৩৭৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মাত্র ১৮ কার্যদিবসে মোট ৭৪ হাজার ৩৫১টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হলো। 


সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৮১ হাজার ২৫৮টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।


সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চে বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০০ পিএম

অন্যের নাম ব্যবহার করে, জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বিজিবিতে (পূর্বে বিডিআর) চাকরি করা সাবেক সিপাহী আকবর আলীকে দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে এর সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।’


সাজার তথ্য নিশ্চিত করে দুদকের আইনজীবী খন্দকার শামীম হোসেন বলেন, ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করায় তাকে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শামীম হোসেন। তিনি বলেন, সেজন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।এদিকে, আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১৩ বছর কারাভোগ করতে হবে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।


রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলে নেয়!’


মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম।


তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।

অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।


দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরের সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।


এ ছাড়া নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।


অনুসন্ধানে আরো উঠে আসে, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মন্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।


এদিকে, সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্যেও জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও তিনি যোগদান করেননি। এমনকি ওই ব্যক্তি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই গ্রামে বসবাসও করেননি। জাহাঙ্গীর আলম নিজেও দুদকের কাছে একই তথ্য দেন এবং তার পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেওয়ার বিষয়টি জানান।


অনুসন্ধানে এসব তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আকবর আলীর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন এ মামলা দায়ের করেন।


মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র।


গত বছরের ১০ অগাস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ আসামির সাজার রায় এলো।

সর্বশেষ সব খবর

বুধবার নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল।

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৭ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


তিনি বলেছেন, এ মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।


বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।


 নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি শুরু


সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। হত্যার পর লাশের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়, যাতে মরদেহ পানিতে ভেসে উঠতে না পারে।


তিনি বলেন, আসামিরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়, কার কী ভূমিকা ছিল এবং কীভাবে পুরো ঘটনা ঘটানো হয়েছে, তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাদের বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।


অ্যাটর্নি জেনারেল জানান, সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে।


অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, মামলাটিতে হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।


তিনি বলেন, আসামিদের জবানবন্দিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণ, হত্যা এবং মরদেহ নদীতে ফেলে দেয়ার বিষয়গুলো উঠে এসেছে। তাদের বক্তব্যে বলা হয়েছে, প্রথমে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে আরও দুজন তাদের দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। তারেক সাঈদের নির্দেশে সাতজনকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের পেটে ইট ঢুকিয়ে ও বেঁধে নদীতে ফেলে দেয়া হয়েছিল। এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও সামঞ্জস্য রয়েছে।


জিয়াউল আহসানের ভূমিকা সম্পর্কে ব্যারিস্টার অনীক আর হক বলেন, তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তৎকালীন র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।


জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন


তারেক সাঈদের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগদান করেন তারেক সাঈদ। র‍্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে র‍্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি নিতে হতো। র‍্যাবের কোনো ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের নিজ উদ্যোগে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারের এখতিয়ার ছিল না।


জবানবন্দিতে তারেক সাঈদ আরও বলেন, ২০১৪ সালের মার্চে র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল। তার নামের পাশে বিশেষ চিহ্ন দেয়া ছিল এবং তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনা ছিল। পরবর্তী সময়ে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকা জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।


অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, তৎকালীন র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া কোনো অভিযান পরিচালনার সুযোগ ছিল না। সাত খুনের ঘটনায় তার ভূমিকা ও দায়িত্বের বিষয়টিও আসামির জবানবন্দিতে উঠে এসেছে।


এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি করা হয়নি কেন, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এই মামলার বিচার হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এই মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এমন কথা বলার সুযোগ নেই।


তিনি আরও বলেন, এই মামলায় হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।


অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার। আদালতের ব্যস্ততা ও বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না। তবে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় উদ্যোগ নিয়েছে।


তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো হলো- নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা। এসব মামলার শুনানি ও নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের সাজা কার্যকর হওয়ার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সাত খুন মামলার আপিল শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আরও জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে মামলার তথ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে তুলে ধরা হবে।

সর্বশেষ সব খবর