ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬, সময় : ১:৩৩ এএম

হঠাৎ দেশে বেড়েছে হামের সংক্রমণ। এর ফলে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। হাম কী, রোগটি কীভাবে ছড়ায়, কাদের ঝুঁকি বেশি এবং কেন হঠাৎ এর প্রাদুর্ভাব বাড়ছে—এই সম্পর্কে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ শিমুল।


হাম কী, কীভাবে ছড়ায়


ডা. আবু সাঈদ শিমুল বলেন, হাম মারাত্মক ছোঁয়াচে ভাইরাসজনিত একটি রোগ, যা মূলত ‘মিজেলস’ ভাইরাসের মাধ্যমে ছড়ায়। রোগটি বায়ুবাহিত, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত কারো সর্দি, হাঁচি, কাশি, কথা বলা বা শ্বাস নেওয়ার সময় হামের জীবাণু বা ভাইরাসযুক্ত কণা বাতাসে ছড়ায় এবং অন্যদের সংক্রমিত করে। সাধারণত মিজেলস ভাইরাস শরীরে ঢোকার ১০ থেকে ১৪ দিন পর লক্ষণ প্রকাশ পায়। র‌্যাশ বের হওয়ার ৪ দিন আগে থেকে পরবর্তী ৪ থেকে ৫ দিন পর পর্যন্ত ভাইরাস ছড়াতে পারে। এ ছাড়া আক্রান্তের হাঁচি, কাশি, শ্বাস নেওয়া ও কথা বলার মাধ্যমে ছড়ানো জীবাণু বাতাসে ২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।


কোন বয়সীরা আক্রান্ত হয়


যেকোনো বয়সেই হাম হতে পারে। তবে ৫ বছর বয়সের নিচে শিশু এবং ২০ বছরের বেশি যাদের বয়স তাদের বেশি হয়।


লক্ষণ


মিজেলস ভাইরাস সংক্রমণে জ্বর হয়। জ্বর ১০০ থেকে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এর সঙ্গে খুব ছোট ছোট র‌্যাশ দেখা দেয় মুখে, কানের পেছন থেকে, গলা ও বুকের দিকে। নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয় এবং কাশি হয়। হাম হলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে অন্যান্য জটিলতা তৈরি হয়। এই রোগ হলে শিশু নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়, কানে সংক্রমণ, অপুষ্টি দেখা দেয়। অর্থাৎ হামের পাশাপাশি এসব রোগের লক্ষণও প্রকাশ পায়, যা শিশুর জন্য জটিল পরিস্থিতির কারণ হয়ে হয়ে দাঁড়াতে পারে।


এ সময় হামের রোগী বাড়ছে কেন


ডা. আবু সাঈদ শিমুল বলেন, টিকা না দেওয়ার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। টিকা না দেওয়ার পেছনে রয়েছে টিকার স্বল্পতা, বিশেষ ক্যাম্পেইন না হওয়া ও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে অনীহা। দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৫ বছর বয়সী শিশুদের দুই বার এমএমআর, এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হয়। শিশুর ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় ১৫ মাস বয়সে।


শিশুর ৯ মাস বয়সে টিকা দেওয়ার কথা অনেক অভিভাবকই ভুলে যান। শিশুর জ্বর, সর্দি-কাশি বা অসুস্থতা থাকলে টিকা দেওয়া যায় না। সেকারণেও অনেক সময় দেরি হয়। আবার অনেকে ৯ মাস বয়সের টিকা শিশুকে দিলেও ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ভুলে যান। যে কারণে শিশু হামে আক্রান্ত হয়। এ ছাড়া গত একবছরে দেশের কিছু কিছু জায়গায় টিকার অপ্রতুলতা থাকার কারণেও অনেক শিশু টিকাবঞ্চিত হয়েছে।


করণীয়


হাম আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করতে হবে। হাম যেহেতু ভাইরাসজনিত রোগ, তা নিজে থেকেই ভালো হয়ে যায়। পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার খেতে হবে, শিশুকে বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে, জ্বর থাকলে প্যারাসিটামল ও সর্দির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। শিশুকে অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। লোক সমাগম এড়িয়ে চলতে হবে। হাম হলে শিশুকে স্কুলে পাঠানো যাবে না।


যদি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়, বারবার বমি হয়, শিশু যদি নেতিয়ে পড়ে, জ্বরের সঙ্গে খিঁচুনি থাকে—তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।




  • প্রকাশ : শনিবার ২৯ আগস্ট, ২০২৬, সময় : ১১:৪৯ এএম

পুরুষদের কিছু শখ ও অভ্যাস নারীদের চোখে তাদের আকর্ষণ বাড়াতে পারে—এমনই ইঙ্গিত পাওয়া গেছে ‘ডেট সাইকোলজি’র একটি সমীক্ষায়। ৭৪ ধরনের শখ ও অভ্যাস নিয়ে করা এই জরিপে নারীদের মতামত বিশ্লেষণ করে দেখা যায়, বই পড়ার অভ্যাস সবচেয়ে বেশি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।


সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৯৮ দশমিক ২ শতাংশ নারী জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে সেটি তাদের কাছে আকর্ষণীয় মনে হয়। এরপর পছন্দের তালিকায় রয়েছে বিদেশি ভাষা শেখা, বাদ্যযন্ত্র বাজানো, রান্না এবং কাঠের কাজ।


নারীদের কাছে তুলনামূলকভাবে আকর্ষণীয় আরও কিছু শখের মধ্যে রয়েছে চিত্রাঙ্কন, লেখালেখি, ফটোগ্রাফি, জ্যোতির্বিজ্ঞান, হাইকিং, ব্ল্যাকস্মিথিং ও তিরন্দাজি। এসব শখের বেশির ভাগই সৃজনশীলতা, নতুন দক্ষতা অর্জন, আত্মোন্নয়ন বা শারীরিক সক্রিয়তার সঙ্গে যুক্ত।


অন্যদিকে, সমীক্ষায় কিছু অভ্যাসকে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হিসেবে দেখা হয়েছে। এর মধ্যে রয়েছে নারীবিদ্বেষী ‘ম্যানোস্ফিয়ার’ সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা, পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া। ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কসপ্লে, কমিক বই ও ফাঙ্কো পপ ফিগার সংগ্রহ, অতিরিক্ত মদ্যপান এবং নিয়মিত নাইটক্লাবকেন্দ্রিক জীবনযাপনও তালিকার নিচের দিকে ছিল।


ডেটিং কোচ কোর্টনি রায়ানের মতে, মদ্যপান বা নাইটক্লাবিংকে জীবনের প্রধান বিনোদন হিসেবে দেখা অনেক নারীর কাছে অপরিণত আচরণ বলে মনে হতে পারে।


তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, অন্যকে আকৃষ্ট করার জন্য কৃত্রিমভাবে কোনো শখ গ্রহণ করার প্রয়োজন নেই। নিজের পছন্দ ও আগ্রহের প্রতি সত্যিকারের মনোযোগই ব্যক্তিত্বকে বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। আর কোনো একটি সমীক্ষার ফলাফলকে সার্বজনীন সত্য হিসেবে দেখার আগে এর নমুনা, পদ্ধতি ও গবেষণার সীমাবদ্ধতাও বিবেচনা করা জরুরি।


বিষয় : সম্পর্ক


প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ২৯ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪৩ এএম

সর্দি-কাশি, জ্বর বা গলা ব্যথা হলে অনেকেই দ্রুত অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন। অনেকের ধারণা, কয়েক দিন ধরে উপসর্গ থাকলে অ্যান্টিবায়োটিক খেলেই দ্রুত সুস্থ হওয়া যাবে। কিন্তু সব ধরনের সংক্রমণে অ্যান্টিবায়োটিক কাজ করে না। অপ্রয়োজনে এই ওষুধ খেলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।


ভাইরাল সংক্রমণে অ্যান্টিবায়োটিক কাজ করে না


অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সাধারণ সর্দি-কাশি, ফ্লু ও তীব্র ব্রঙ্কাইটিসের বেশির ভাগ ক্ষেত্রেই কারণ থাকে ভাইরাস। তাই এসব অসুখে অ্যান্টিবায়োটিক খেলে সুস্থ হওয়ার সময় কমে না। নাক দিয়ে হলুদ বা সবুজ সর্দি বের হলেও সেটি যে ব্যাকটেরিয়ার সংক্রমণ, এমনটা ধরে নেওয়ার কারণ নেই। একইভাবে সর্দি-কাশি সেরে যাওয়ার পর কয়েক দিন কাশি থাকলেও সবসময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না।


অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ক্ষতি


প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খেলে বমি বমি ভাব, ডায়রিয়া, ত্বকে র‍্যাশ ও অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কিছু ক্ষেত্রে অন্য ওষুধের সঙ্গেও এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ ছাড়া অ্যান্টিবায়োটিক শরীরের উপকারী জীবাণুর ভারসাম্যও নষ্ট করতে পারে। এতে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হওয়ার পাশাপাশি কিছু ধরনের সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।


বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ


অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বারবার অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিছু ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতে পারে। ফলে ভবিষ্যতে সত্যিই ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে প্রচলিত অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ নাও করতে পারে। এতে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে উঠতে পারে।


কখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন


সব অ্যান্টিবায়োটিকই ক্ষতিকর, এমন নয়। ব্যাকটেরিয়ার সংক্রমণ নিশ্চিত হলে বা চিকিৎসকের কাছে এর যথেষ্ট প্রমাণ থাকলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। যেমন কিছু ধরনের নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ, স্ট্রেপ গলা ব্যথা ও জটিল ত্বকের সংক্রমণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। কোন অ্যান্টিবায়োটিক, কত মাত্রায় এবং কত দিন খেতে হবে, সেটি চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী ঠিক করেন।


নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক নয়


আগের কোনো অসুস্থতার জন্য দেওয়া অ্যান্টিবায়োটিক পরে নিজে থেকে খাওয়া উচিত নয়। অন্যের প্রেসক্রিপশন অনুসরণ করাও নিরাপদ নয়। সর্দি-কাশি বা সাধারণ ভাইরাল সংক্রমণে পর্যাপ্ত বিশ্রাম, পানি পান এবং প্রয়োজন অনুযায়ী উপসর্গের চিকিৎসাই সাধারণত বেশি গুরুত্বপূর্ণ।


অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে তাই প্রথম প্রশ্ন হওয়া উচিত, এই ওষুধটি আদৌ প্রয়োজন কি না। প্রয়োজন অনুযায়ী ও সঠিক নিয়মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই এর কার্যকারিতা ধরে রাখা সম্ভব হবে।

 


সূত্র: এনডিটিভি


শ্রাবন্তী চ্যাটার্জি

  • প্রকাশ : শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৪ পিএম

শ্রাবন্তী চ্যাটার্জির ফ্যাশন মানেই কখনো মায়াবী, কখনো গ্ল্যামারাস, আবার কখনো একেবারে সাহসী স্টাইল স্টেটমেন্ট। বয়স, সময় কিংবা জীবনের নানা বাঁকও তার ফ্যাশন সেন্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। বরং প্রতিটি নতুন লুকেই নিজের আত্মবিশ্বাসী উপস্থিতিকে আরও স্পষ্ট করে তুলছেন এই টালিউড অভিনেত্রী। সম্প্রতি জন্মদিনেও ইভিন্টের কয়েকটি ছবিতে তার সাজ-পোশাকও ভক্তদের নজর কেড়েছে।


জন্মদিনের পালনের ছবিতে নৌকার ওপর বসে শ্রাবন্তীকে দেখা গেছে হালকা পুদিনা সবুজ বা সি-গ্রিন রঙের শর্ট গাউনে। ওয়ান-শোল্ডার নেকলাইন পোশাকটিকে দিয়েছে আধুনিক ও গ্ল্যামারাস আবেদন।


এক পাশে ফুল-স্লিভ, অন্য পাশে উন্মুক্ত কাঁধের ডিজাইনের এই অসমতা লুকটিকে করেছে আরও আকর্ষণীয়। কোমরের কাছ থেকে নিচের অংশে থাকা স্লিট এবং সূক্ষ্ম স্বচ্ছ জালের ডিটেইলিং পোশাকটিকে দিয়েছে আরও গ্ল্যামারাস মাত্রা।


এই লুকে মেকআপও ছিল পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে হালকা কাজল ও আইলাইনার, গালে মৃদু ব্লাশ এবং মুখে সফট হাইলাইটারের ছোঁয়া তাঁর স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক রেখে মেকআপে রাখা হয়েছে ন্যাচারাল ফিনিশ। অর্থাৎ গ্ল্যামার থাকলেও কোথাও বাড়াবাড়ি নেই।


চুলে ছিল হালকা ঢেউ। পেছনে বাঁধা চুলের কিছু অংশ ইচ্ছেমতো মুখের পাশে নেমে এসেছে, যা পুরো লুকে দিয়েছে এর ছোঁয়া। গয়নার ক্ষেত্রেও মিনিমালিজম বজায় রেখেছেন তিনি। ছোট ঝোলানো দুল, হাতে ব্রেসলেট ও আংটি- অল্প গয়নাতেই সাজটি সম্পূর্ণ করেছেন অভিনেত্রী।


অন্য এক ছবিতে একেবারেই ভিন্ন মুডে ধরা দিয়েছেন শ্রাবন্তী। পিংক রঙের ছিমছাম অথচ গ্ল্যামারাস টু-পিস কো-অর্ড সেটে। নরম গোলাপি রঙের পোশাকটি তার লুকে এনেছে এক ধরনের কোমল ও নারীত্বপূর্ণ আবহ।


কো-অর্ড সেটের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর সাদামাটা সিলুয়েটের মধ্যেও থাকা আধুনিকতার ছোঁয়া। শরীরের গড়নকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এই পোশাকের সঙ্গে খুব বেশি বাড়তি আয়োজনের প্রয়োজনও হয়নি।


লুকে শ্রাবন্তীর স্টাইল হয়ে উঠেছে আরও পরিশীলিত ও বোল্ড। অফ-শোল্ডার ড্র্যাপড র‍্যাপ টপের সঙ্গে জুড়েছেন হাই-ওয়েস্টেড পেন্সিল মিডি স্কার্ট। শরীরের গড়নকে অনুসরণ করা এই সিলুয়েট তার লুকে এনেছে আধুনিক ফ্যাশনের স্পষ্ট ছাপ।


পায়ে ন্যুড রঙের ওপেন-টো প্ল্যাটফর্ম হিল বেছে নিয়ে লুকটিকে আরও লম্বা ও এলিগ্যান্ট দেখিয়েছেন তিনি। গলায় লেয়ার্ড ডায়মন্ড নেকলেসের সঙ্গে পান্নার পেনডেন্ট ছিল সাজের অন্যতম আকর্ষণ। সঙ্গে মানানসই দুল ও ব্রেসলেট যোগ করেছে সূক্ষ্ম রাজকীয়তা।


শ্রাবন্তীর এই লুকগুলো যেন প্রমাণ করে, ফ্যাশনের আসল সৌন্দর্য বয়সে নয়, বরং নিজের স্টাইলকে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে বহন করা যায় সেখানেই। 

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১২:২৩ পিএম
  • আপডেট : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১২:২৩ এএম


  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ১২:২৩ পিএম

দাম্পত্য জীবনে সুখ ও স্থায়িত্বের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত—এ প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই। সমবয়সী দম্পতি যেমন সুখী সংসার করতে পারেন, তেমনি এক বা দেড় দশকের বয়সের ব্যবধান থাকা দম্পতিরাও দীর্ঘদিন ভালোভাবে সংসার করছেন। আবার বয়সের ব্যবধান কম হলেও অনেক সম্পর্কে দেখা দিতে পারে নানা জটিলতা।


বিশেষজ্ঞদের মতে, একটি সফল দাম্পত্যের মূল ভিত্তি বয়সের ব্যবধান নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া, মানসিক পরিপক্বতা ও খোলামেলা যোগাযোগ। তবে বয়সের ব্যবধানের ওপর ভিত্তি করে সম্পর্কের কিছু বৈশিষ্ট্যে পার্থক্য দেখা যেতে পারে।


৫ থেকে ৭ বছরের ব্যবধান


বিশেষজ্ঞদের মতে, স্বামী-স্ত্রীর মধ্যে ৫ থেকে ৭ বছরের বয়সের ব্যবধান থাকলে অনেক ক্ষেত্রে মানসিক পরিপক্বতা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ভালো ভারসাম্য তৈরি হতে পারে। এতে মতবিরোধ সামাল দেওয়া তুলনামূলক সহজ হতে পারে। তবে এটিকে কোনোভাবেই সুখী দাম্পত্যের নিশ্চয়তা হিসেবে দেখা যায় না।


১০ বছরের ব্যবধান


১০ বছরের বয়সের ব্যবধানও একটি সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় না, যদি দুজনের মূল্যবোধ, জীবনযাপনের ধরন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল থাকে। তবে বয়সে বড় সঙ্গীর একক কর্তৃত্ব যেন সম্পর্কে তৈরি না হয়, সেদিকে নজর রাখা গুরুত্বপূর্ণ।


২০ বছর বা তার বেশি ব্যবধান


বয়সের ব্যবধান ২০ বছর বা তার বেশি হলে জীবনধারা, ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক দৃষ্টিভঙ্গি কিংবা সন্তান নেওয়ার সময় নিয়ে মতপার্থক্যের সম্ভাবনা বাড়তে পারে। তবে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়া থাকলে এমন সম্পর্কও দীর্ঘস্থায়ী হতে পারে।


গবেষণায় কী পাওয়া গেছে?


২০১৭ সালের একটি অস্ট্রেলীয় গবেষণায় দেখা যায়, যেসব দম্পতির বয়সের ব্যবধান ১ থেকে ৩ বছর এবং পুরুষ সঙ্গী বয়সে বড়, তাদের সম্পর্কের সন্তুষ্টির মাত্রা তুলনামূলক বেশি ছিল। একই গবেষণায় দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে বয়সের ব্যবধানের সঙ্গে সন্তুষ্টির পরিবর্তনের বিষয়টিও উঠে আসে।


তবে গবেষণার কোনো ফলাফলকেই সবার জন্য প্রযোজ্য চূড়ান্ত নিয়ম হিসেবে দেখা যায় না। কারণ একটি দাম্পত্য সম্পর্কের সাফল্যের পেছনে ব্যক্তিত্ব, আর্থিক স্থিতিশীলতা, পারিবারিক পরিবেশ, মূল্যবোধ ও পারস্পরিক যোগাযোগের মতো বিষয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সন্তান নেওয়ার ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ


দাম্পত্যের বয়সের ব্যবধানের চেয়ে সন্তান নেওয়ার পরিকল্পনায় স্বামী-স্ত্রীর বয়স বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে নারীর ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে প্রজননক্ষমতা কমে যায়। পুরুষের ক্ষেত্রেও বয়স বাড়ার সঙ্গে শুক্রাণুর মান ও প্রজনন সক্ষমতায় পরিবর্তন আসতে পারে।


তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে শুধু বয়সের ব্যবধান নয়, উভয়ের বয়স, স্বাস্থ্য, প্রজননক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনাও বিবেচনায় রাখা প্রয়োজন।


উল্লেখ্য, স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধানের কোনো ‘আদর্শ সংখ্যা’ নেই। ২ বছর, ৫ বছর কিংবা ১৫ বছরের ব্যবধান—কোনোটিই একা একটি দাম্পত্যকে সুখী বা অসুখী করে না। বরং পারস্পরিক সম্মান, বিশ্বাস, দায়িত্ববোধ, মানসিক সামঞ্জস্য এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার মানসিকতাই সম্পর্কের স্থায়িত্বে সবচেয়ে বড় ভূমিকা রাখে


  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:৫৭ এএম

ব্যস্ত জীবনে খাবার গরম করতে অনেকেই মাইক্রোওয়েভের উপর নির্ভর করেন। এতে খাবার গরম করতে ২-৩ মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব ধরনের খাবার মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়। কারণ এমন কিছু খাবার আছে, যা মাইক্রোওয়েভে গরম করার পরে বিষাক্ত হয়ে ওঠে। আবার কিছু খাবারের স্বাদ, গঠন ও টেক্সচার বদলে যায়। কোন খাবার মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয় তা জেনে নিন-


খোসাসহ ডিম


মাইক্রোওয়েভে ডিম সিদ্ধ করা ঠিক নয়। ডিমের ভিতরের জলীয় বাংশ বাষ্পীভূত হয়ে ভিতরেই তীব্র চাপ তৈরি করে। সিদ্ধের পরে ডিমের খোসা ছাড়ানো পরে সমস্যা হতে পারে। এ কারণে মাইক্রোওয়েভেই ডিম সিদ্ধ করতে চাইলে উপরের দিকে একটু অংশ ভেঙে খোসা ছাড়িয়ে নিন। তারপরে সিঙ্গল এগ হোল্ডারে বসেই গরম করে নিন।


কাঁচা মরিচ


মাইক্রোওয়েভে কাঁচা মরিচ গরম করা একদমই উচিত নয়। গরম করার পরে যখন মাইক্রোওয়েভের দরজা খুলবেন, চোখে-মুখে মরিচের ঝাঁজ এসে লাগবে। তবে তরকারিতে কাঁচা মরিচ মিশিয়ে গরম করলে সমস্যা নেই। 


ফ্রায়েড ফুড


অনেকেই ভাজাভুজি খাবার ঠান্ডা হয়ে গেলে আবার মাইক্রোওয়েভে গরম করেন। এটা ঠিক নয়। এতে খাবারের মুচমুচে ভাব নষ্ট হয়ে যায়। ফ্রায়েড ফুড আবার গরম করতে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন।


সি ফুড


সামুদ্রিক মাছ বা খাবার মাইক্রোওয়েভে আবার গরম করলে তা রাবারের মতো হয়ে যায়। পাশাপাশি তীব্র গন্ধ বেরোতে পারে। যদি মাইক্রোওয়েভে সি ফুড গরম করতে হয় তাহলে এতে অল্প পানি বা সস মিশিয়ে ঢেকে গরম করুন।


প্রক্রিয়াজাত মাংস


সসেজ বা হট ডগের মতো প্রক্রিয়াজাত মাংস মাইক্রোওয়েভে সঠিক ভাবে গরম হয় না। এই ধরনের খাবারে অতিরিক্ত পরিমাণে ফ্যাট ও লবণ থাকে। এগুলো মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়। এগুলো ছাঁকা তেলে বা গরম পানিতে ফুটিয়েই রান্না করা উচিত। খাবার থেকে গরম ধোঁয়া না বেরোনো পর্যন্ত রান্না করুন।

বিষয় : খাবার


ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৯:২৯ পিএম

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে প্রতি বৃহস্পতিবার, শুক্র ও শনিবার বছরব্যাপী বুফে ডিনারে 'বাই ওয়ান গেট থ্রি' অফার উপভোগ করতে পারবেন।   


সোমবার বিকেলে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা মোশাররফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


চুক্তি অনুযায়ী, প্রযোজ্য শর্ত ও নিয়ম সাপেক্ষে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা প্রতি বৃহস্পতিবার, শুক্র ও শনিবার গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে বিশেষ 'বাই ওয়ান গেট থ্রি' সুবিধা উপভোগ করতে পারবেন। 


এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের জন্য উন্নত সেবা, বিশেষ সুবিধা এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করে আরও এক ধাপ এগিয়ে যাবে।