ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাসের পাশাপাশি লঞ্চের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সড়ক, নৌ ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে ২৩ পয়সা করে এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
তবে রেল ও ফেরির ভাড়া না বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর এ অবস্থানের কথা জানান মন্ত্রী রবি।
তিনি বলেন, “যাত্রীবাহী লঞ্চের ভাড়া প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে।
“১০০ কিলোমিটারের বেশি দূরত্বে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে, অর্থাৎ বেড়েছে ২০ পয়সা।”
রেল ও ফেরির ভাড়া বাড়ানো হচ্ছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী রবি বলেন, “এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চাইব ভাড়াটা যাতে না বাড়িয়ে অ্যাডজাস্ট রাখা যায়।
“ফেরিতে লোকসান হলেও জনস্বার্থে ভাড়া না বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এর আগে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ২ টাকা ৭০ পয়সা।
এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
এর আগের দিন থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়।
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি থেকে অপসারণের প্রায় চার বছর পর পুনর্বহাল হলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।
মঙ্গলবার দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ আদেশ কার্যকর হবে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরি ফিরে পেতে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি কমিশনে আবেদন করেন শরীফ। তবে কমিশন তার আবেদন বিবেচনা করেনি। ১৭ মে চিঠি দিয়ে তাকে সেই সিদ্ধান্ত জানানো হয়। এরপর অপসারণের আদেশ এবং যে বিধি প্রয়োগ করে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন তিনি। একই সঙ্গে পুনর্বহালের আবেদন নিষ্পত্তিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার আবেদন জানান।
২০২৫ সালের ৯ জুলাই হাই কোর্ট শরীফের পক্ষে রায় দেয়। আদালত তার অপসারণের আদেশ বাতিল করে রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়।
হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার উদ্যোগ নেয় দুদক। কমিশনের পক্ষ থেকে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
পরে ১৫ অক্টোবর আপিল বিভাগে শুনানির সময় দুদকের পক্ষ থেকে আবেদনটি আর পরিচালনা করা হয়নি। ফলে আবেদনটি খারিজ করে আদেশ দেয় আদালত।
এরপর ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে আবার চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দীন।
গত ৫ নভেম্বর কমিশনের সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করা হয়। ওই সভায় ২০২২ সালের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল দুদক।
যেসব অনুসন্ধানে আলোচনায় শরীফ
দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন শরীফ উদ্দীন। ওই সময় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়মের অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন তিনি।
২০২১ সালের জুনে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক। এসব মামলার বাদী ছিলেন শরীফ।
রোহিঙ্গাদের জাতীয়তা সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেও আলোচনায় আসেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও অনুসন্ধান শুরু করেছিলেন শরীফ।
চট্টগ্রামে দায়িত্ব পালনের পর তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। সে সময় দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চাকরি করায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে সেখানে পাঠানো হয়েছে।
পটুয়াখালীতে বদলির আট মাসের মাথায় চাকরি হারান তিনি।
চাকরিচ্যুতির আগে ২০২২ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় একটি জিডি করেছিলেন শরীফ। সেখানে তিনি পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।
এর ১৬ দিনের মাথায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
তখন শরীফ অভিযোগ করেছিলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাসের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি করেন শরীফ।
চাকরিচ্যুতি নিয়ে প্রতিবাদ
শরীফকে অপসারণের পর দুদকের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। কমিশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তখন শরীফের চাকরিচ্যুতি নিয়ে প্রশ্ন তোলে।
সংস্থাটি জানতে চেয়েছিল, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালানোর কারণেই তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়েছিল কি না।
শরীফকে অপসারণের কারণ স্পষ্ট করার আহ্বানও জানিয়েছিল টিআইবি।
তবে সে সময় দুদক এসব অভিযোগ অস্বীকার করে।
২০২২ সালের ২১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তৎকালীন দুদক সচিব মো. মাহবুব হোসেন দাবি করেন, কাউকে লক্ষ্য করে নয়, কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে বিধি অনুযায়ী শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ৯ জুলাই শরীফের চাকরিচ্যুতির আদেশ বাতিল করে হাই কোর্ট।
বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই রায় দেয়।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে দুদক।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
দণ্ডিত পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাজার বিরুদ্ধে আপিল না করায়, ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে একথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে দণ্ডপ্রাপ্ত হন আর সেই দণ্ডের পরিমাণ যদি কমপক্ষে ২ বছর হয়; তাহলে তার পাসপোর্ট ইস্যু হবে না।’
আমিনুল ইসলাম ব্যাখ্যা করেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।’
ছবি : সংগৃহীত
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ গুলি করে নূর হোসেনকে
আজ ১০ নভেম্বর। ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের আজকের দিনটিতে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাঁকে গুলি করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।
অন্যদিকে জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা স্মরণে প্রতি বছর দিবসটি পালন করছে তারা।
১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নূর হোসেনের এই আত্মদান স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে নতুন মাত্রা যোগ করে।
এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দিনটি উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভা করবে।
শহীদ নূর হোসেন-আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও এর গণসংগঠনগুলো সকাল ৮টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ার এবং পরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করবে।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার পৃথক বিবৃতিতে নূর হোসেনসহ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
মন্ত্রিসভায় অনুমোদিত বিল সাড়ে তিন মাসের বেশি সময় পর সংসদে উত্থাপন করায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদনের পর কেন এত সময় লাগল– এ প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রায় চার মাস আগে।’
মন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’ ডেপুটি স্পিকার বলনে, ‘আপনার এক্সিকিউভের পক্ষ থেকে এই বিলটা কেন এতদিন পরে আসলো যে, আমাকে প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট এটা বোধহয় আপনারা আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরও এক্সিকিউভের পার্ট থেকে লেজিসলেচারকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে বিল সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে গৃহায়ন ও গণর্পূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।
সংসদে তিন অধ্যাদেশ
অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশ সোমবার চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো– পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।
নানা ইস্যু তুললেন এমপিরা
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে বৈষম্য এবং দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের বিষয়ে সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় সরকারদলীয় নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বলছেন, বিরোধী দলের এমপিদের ডিও লেটারে কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ ধরনের পরিস্থিতিতে কোথাও কোথাও চাঁদাবাজিও শুরু হয়েছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও দলীয়করণ চলছে। ৭১ বিধির জরুরি জন-গুরুত্বপূর্ণ বিধিতে মনোযোগ আকর্ষণ বিধিতে এসব কথা বলেন তিনি। একই বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হন, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক সোশ্যাল মিডিয়া ও ক্রিপ্টো কারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন (ছবি-পিএমও)
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন তিনি। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।