শীতে ফুসফুস সুস্থ রাখতে খাবেন যেসব খাবার
- Update Time : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৫৫ Time View
শীতের শুরুতেই বাতাসে ধূলিকণার মাত্রা বেড়ে যায়। এর সঙ্গে বায়ুদূষণ, ধূমপান ও অনিয়মিত জীবনযাপন ফুসফুসের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ছাড়া রাস্তাঘাটে না বের না হয়ই ভালো। শুধু পরিষ্কার বাতাস নয়, ফুসফুস সুস্থ রাখতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাসও।
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সঠিক খাবার শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুসফুসকে রক্ষা করে।
আসুন জেনে নেওয়া যাক এ সময়ে কোন খাবারগুলো ফুসফুসের ডিটক্সিফিকেশনে সাহায্য করে-
পালংশাক: এ সময় বাজারে সহজলভ্য তাজা পালংশাকে রয়েছে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। দূষণের কারণে শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, তা প্রতিরোধে সাহায্য করে এই শাক। নিয়মিত পালংশাক খেলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে।
আমলকি: শীতের শুরুতেই বাজারে আমলকি পাওয়া যায়। ভিটামিন সি-সমৃদ্ধ এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। এটি শরীরের জমে থাকা দূষিত পদার্থ বের করে দেয় এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। তাই প্রতিদিন একটি করে আমলকি খেলে সর্দি-কাশির ঝুঁকিও কমে।
হলুদ: প্রতিদিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়া বা রান্নায় নিয়মিত হলুদ গুঁড়া ব্যবহার- দুটি ক্ষেত্রেই উপকার পাওয়া যায়। হলুদের কারকিউমিন উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে, যা দূষণের প্রভাবে শরীরে সৃষ্ট ক্ষতি সারাতে সাহায্য করে।
আখরোট: শীতের সময় ড্রাই ফ্রুটস হিসেবে আখরোট বেশ জনপ্রিয়। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে। প্রতিদিন এক মুঠ আখরোট খেলে ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয়।
ব্রকলি: ব্রকলি শীতকালীন এক বিশেষ সবজি, যা শরীরের ডিটক্সিফিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা সালফোরাফেন ও ভিটামিন-ই ,যা ফুসফুসকে সুরক্ষিত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায়।
টমেটো: টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপিন, যা এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ফুসফুসে জমে থাকা টক্সিন দূর করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত টমেটো খেলে বায়ুদূষণের প্রভাবে যে ক্ষতি হয়, তা প্রতিরোধ করা যায়। টমেটো কাঁচা, সালাদে, কিংবা রান্নায়-যেভাবেই খান না কেন, ফুসফুসের সুস্থতা রক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে শহরের দূষণে যারা প্রতিদিন আক্রান্ত হন, তাদের জন্য টমেটো অত্যন্ত উপকারী।
গুড়: চিনির পরিবর্তে গুড় খাওয়া শুধু স্বাস্থ্যকর নয়, এটি ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে। গুড় কাশির মাধ্যমে ফুসফুসে জমে থাকা ধূলিকণা ও মিউকাস বের করে দেয়। তিল বা আদার সঙ্গে মিশিয়ে খেলে গুড় একটি শক্তিশালী শীতকালীন নাস্তা হয়ে ওঠে, যা ফুসফুসকে সুস্থ ও সক্রিয় রাখে।
তুলসী : তুলসীতে থাকা প্রদাহ-বিরোধী উপাদান ফুসফুসের শ্বাসনালীর প্রদাহ কমাতে এবং বায়ু চলাচলের পথকে প্রসারিত করতে সাহায্য করে। এটি কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা কমাতেও উপকারী। শীতে সুস্থ থাকতে নিয়মিত তুলসীর পাতা ফোটানো পানি কিংবা তুলসীর রস খান।
আদা : আদার মধ্যে থাকা প্রদাহনাশক এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য ফুসফুসের প্রদাহ কমাতে এবং শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এটি জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতাও বাড়ায়।
গাজর : গাজর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। এটি ফুসফুসের স্বাস্থ্য উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি স্যুপ বা অন্যান্য শীতকালীন খাবারে ব্যবহার করা যেতে পারে।
বিট: বিটের মধ্যে থাকা বিটেইন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এটি শরীরের ক্ষতিকারক টক্সিন বের করে দিতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
মধু : মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শ্বাসতন্ত্রের নানা অস্বস্তি কমায়। নিয়মিত মধু খেলে শ্বাসতন্ত্রের নানা জটিলতা কমে।
বায়ুদূষণ ও শীতের ধূলিকণার ক্ষতি থেকে রক্ষা পেতে শুধু মাস্ক নয়, দরকার পুষ্টিকর খাবারও। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং এসব খাবার গ্রহণে ফুসফুস থাকবে সুস্থ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































































