ভুয়া মামলায় কারাগারে পাঠানোর নিন্দা
নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন-বিক্ষোভ
- Update Time : ০৯:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৩১২ Time View
ভুয়া, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট মামলায় দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
এসব সমাবেশে বক্তারা বলেছেন, কতিপয় আমলার বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করায় এক ব্যক্তিকে বাদী বানিয়ে সম্পূর্ণ বানোয়াট একটি চাঁদাবাজির মামলায় জামিন না দিয়ে সিনিয়র একজন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।
তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদপেশার প্রতি চরম অবমাননা। এটি কণ্ঠরোধের একটি অন্যায় প্রয়াস, যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা একযোগে ঘোষণা দেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের কলম থামবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে। সত্যের পক্ষে কলম কখনও থামে না এই বিশ্বাসেই সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ।’

অনতিবিলম্বে নওরোজ সম্পাদককে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, সাংবাদিক শামসুল হক দুররানীকে মিথ্যা মামলায় যেভাবে নিপীড়ন করা হচ্ছে তাতে সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়, এটি মুক্ত সাংবাদিকতার অন্তরায়। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিক নির্যাতন, মামলা, গ্রেপ্তার অব্যাহত থাকলে গণমাধ্যম তার অস্তিত্ব হারাতে বসবে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
কক্সবাজারে প্রতিবাদ সভায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আবদুল্লাহ খাঁন, কক্সবাজার থেকে জানিয়েছেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজারে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে এ প্রতিবাদ সভায় বক্তারা নওরোজ সম্পাদকের মুক্তি দাবি করেন। দ্রুত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ’ উল্লেখ করে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাংবাদিক শামসুল হক দুররানীরকে নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ।
সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এম আর খোকন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, ভোরের আকাশ জেলা প্রতিনিধি ফয়সাল রিয়াদ, শাহ আমানত জেলা প্রতিনিধি অন্তর দে বিশাল, কক্সবাজার বাণীর স্টাফ রিপোর্টার মো. ফারুক, সাংবাদিক আশরাফ বিন ইউসুফ, মো আজিম, জাহাঙ্গীর, ফেরদৌস আলম প্রমুখ।
কিশোরগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন
মিথ্যা চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদককে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জে। মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, দৈনিক কিশোরগঞ্জ এর নিউজ এডিটর রেজাউল করিম, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ আল আজহার, ফয়জুল কবির ভুঁইয়া, দৈনিক নওরোজের হোসেনপুর প্রতিনিধি এসকে শাহীন নবাব, দৈনিক নওরোজের তাড়াইল প্রতিনিধি মুজিবুল হক চুন্নু, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, আজকের খবরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিপন, কালের নতুন সংবাদ এর বার্তা সম্পাদক সোহেল রানা, স্টাফ রিপোর্টার রিতু আক্তার, রোজিনা আক্তার পলি, এমদাদুল হক, একুশে সংবাদের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন, জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নী, দৈনিক সারাদিন-এর স্টাফ রিপোর্টার আতাউর হাসান দিনার, ঢাকার ডাক জেলা প্রতিনিধি ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হানিফ প্রমুখ।
দিনাজপুরে প্রতিবাদ
নওরোজ পত্রিকার সম্পাদককে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে সাংবাদিক, সংস্কৃতিজন ও নওরোজ পত্রিকার পাঠক সমাজের ব্যানারে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেন নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম, দিনাজপুর এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট, দিনাজপুর জেলা শাখার সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের সভাপতি এবং চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক বাবু আহমেদ বাব্বা ও সদস্য সচিব মো. আইনুল ইসলাম, সাংবাদিক সাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, আল মনসুর, জাহাঙ্গীর আলম, হাবিবুল হক তুষার, ইমরান হোসেন, ফারজানা মনি, মো. অনিক, মো. ভীম মো. রাজু, মো. হাবলু, মো. আতিউর রহমানসহ দৈনিক নওরোজ পত্রিকার শুভানুধ্যায়ীরা। বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদপেশার প্রতি চরম অবমাননা। এটি কণ্ঠরোধের একটি অন্যায় প্রয়াস, যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিন্দা-উদ্বেগ
জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা-উদ্বেগ জানিয়েছে প্রেসক্লাব পীরগঞ্জ। পৌর শহরের চৌরাস্তায় প্রেসক্লাবের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক অবিলম্বে সাংবাদিক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের নিপীড়ন সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়, এটি মুক্ত সাংবাদিকতায় অন্তরায়।
এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ’ উল্লেখ করে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক শামসুল হক দুররানীরকে নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































