টঙ্গীতে শ্রমিককে মারধরের অভিযোগ
- Update Time : ১২:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৩৪ Time View
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মোঃ সাইদুর রহমান (৩২) অভিযোগে জানান, তিনি ওই প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পারিবারিক সমস্যার কারণে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি অফিসে উপস্থিত হতে না পারলেও বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে গত ১৪ ডিসেম্বর সকালে অফিসে গেলে প্রতিষ্ঠানের এডমিন ডিপার্টমেন্টের কর্মকর্তা সাইফুল ইসলাম তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং চাকরি ছাড়তে চাপ দেন। প্রাপ্য বেতন দাবি করলে তাকে গালিগালাজ করে অফিস থেকে বের করে দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ১৫ ডিসেম্বর সকালে পুনরায় অফিসে গেলে তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে তিনি প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন এবং এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, অভিযোগটি আমার কাছে এসেছে। আমরা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কী কারণে একজন শ্রমিকের গায়ে হাত তোলা হয়েছে, তা তদন্ত করে দেখতে হবে। শ্রমিকের পক্ষে আমরা ন্যায্য বিচার দাবি করছি।
আহত শ্রমিক যদি ন্যায়বিচার না পায়, তাহলে আমরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ কর্মসূচি দিতে বাধ্য হব। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম পাল্টা বক্তব্য দিয়ে বলেন,সুপারভাইজার সাইদুর রহমান আমাকে গালিগালাজ করেছে। এ নিয়ে আমাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। সে পড়ে গিয়ে আহত হয়েছে। আমি তাকে মারধর করিনি। তবে আহত শ্রমিক সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুল ইসলাম আমাকে মারধর করেছে।
আমি প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি এবং পরে থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু ও ন্যায্য বিচার চাই। এ ঘটনায় স্থানীয় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































