জবি শিবিরের নৌ র্যালিতে হাদিকে নিয়ে শ্লোগান
- Update Time : ০৭:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৭১ Time View
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে আয়োজিত নৌ র্যালিতে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে শ্লোগান দিয়েছে শিবিরের নেতাকর্মীরা৷
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র্যালিতে শিবির নেতাকর্মীরা এই শ্লোগান দেন।
এ সময় শিবির নেতাকর্মীরা, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে; বিজয় দিবস, সফল হোক; নদী বাঁচলে, বাঁচবে দেশ; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ;’সহ বিভিন্ন শ্লোগান দেন।
এক শতটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করে। র্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল সবুজ রংয়ের টি শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।
এসময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা অংশ নেন।
র্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, আজকে বুড়িগঙ্গাসহ আমাদের সকল নদী দখল দূষণে মৃতপ্রায় হয়ে গেছে। আমাদের তিস্তা, ফেনী সহ সকল বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীন পানিন ন্যায্য হিস্যা চাই। গতকাল নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীন দিবস নিয়ে যে পোস্ট দিয়েছেন, এটি আমাদের দেশের স্বাধীনতা হেয় প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ও চিন্তাভাবনা আসলেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর পর গতকাল সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

























































































































































