আফগানিস্তানে ফের পাকিস্তানের হামলা
- Update Time : ১০:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৫৬৮ Time View
পাকিস্তান থেকে আফগানিস্তানের ভূখণ্ডে বৃহস্পতিবার গোলা নিক্ষেপ করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর এক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এমন সময় এ ঘটনা ঘটল, যখন দুই প্রতিবেশী দেশ তুরস্কে যুদ্ধবিরতি চুক্তি শক্তিশালী করতে আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছিল।
আফগান সেনাবাহিনীর এক সূত্র এএফপিকে জানান, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই গোলাবর্ষণ ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।
সূত্রটি আরও বলেন, আমরা এখনো পাল্টা আক্রমণ চালাইনি, কারণ ইস্তান্বুলে আলোচনা চলছে, সেটির প্রতি সম্মান জানিয়ে আমরা সংযম দেখাচ্ছি।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত মাসের শুরুর দিকেও দুই দেশের সীমান্তে সংঘর্ষ হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে প্রায় ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষগুলোর একটি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতি ঘটছে। বিশেষত সীমান্তপারের সন্ত্রাসবাদ ও নিরাপত্তা উদ্বেগের কারণে এই উত্তেজনা বেড়েছে।
দুই দেশ গত ১৯ অক্টোবর কাতারে এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল, তবে গত সপ্তাহে তুরস্কে চুক্তির বিস্তারিত চূড়ান্ত করতে গিয়ে অচলাবস্থা দেখা দেয়। উভয় পক্ষই পরস্পরকে আলোচনায় ‘অসৎ উদ্দেশ্য’ প্রদর্শনের অভিযোগ তোলে।
বৃহস্পতিবার ইস্তান্বুলে আলোচনার নতুন পর্ব শুরু হওয়ার কথা থাকলেও, এখনো কোনো পক্ষ নিশ্চিত করেনি যে প্রতিনিধিদলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না।
এদিকে, আলোচনায় অগ্রগতি না হলে নতুন করে সংঘর্ষ শুরুর আশঙ্কা রয়েছে বলে উভয় দেশই সতর্ক করেছে।






















































































































































































